ঢাকা | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,৩ আশ্বিন ১৪৩৩

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, তদন্ত কমিটি গঠন

পরীক্ষার্থীদের বাসায় ডেকে টাকা নেওয়ার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের এক অফিস আদেশে বলা হয়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক’ শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে বিষয়টি বোর্ডের নজরে আসে। সেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৬-এর পরীক্ষক মো. সেকেন্দার আলী পরীক্ষার্থীদের ফোনের মাধ্যমে ডেকে টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে তদন্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ডের হিসাব ও নিরীক্ষা বিভাগের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেনকে।

কমিটির সদস্যরা হলেন— এস.এম গোলাম আজম, প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব), মো. সিরাজুল ইসলাম, প্রোগ্রামার, মোছা. সেলিনা পারভীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) (দায়িত্বপ্রাপ্ত), মো. জাহিদুর রহিম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)।

অফিস আদেশে তদন্ত কমিটিকে বিষয়টি তদন্ত করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।