ঢাকা | বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,২৫ ভাদ্র ১৪৩৩

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আজ, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা কলেজ লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি হল পাড়াসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিজয়-২৪ হলের সামনে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা, লিখিত যার শক্ত, চাকরি তার প্রাপ্য; ভাইভা নিয়ে স্বজন প্রীতি, চলবে না চলবে না; দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; সারা বাংলায় খবর দে, ভাইভা প্রথার করব দে ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা লাইব্রেরিতে পড়ছিলাম, ইন্সট্যান্ট মনে করলাম সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধি একটা ন্যাশনাল ইস্যু। চাকরির নিয়োগ পরীক্ষায় হঠাৎ করে মৌখিক পরীক্ষার নাম্বার বৃদ্ধি অযৌক্তিক। এর প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ জানালাম।”

বিক্ষোভ মিছিল শেষে আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) কলেজের শহিদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি।