ঢাকা | বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,২০ কার্তিক ১৪৩৩

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন

২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে শুরু হবে, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ লক্ষ্যে ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফর্ম পূরণের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ বোর্ডে প্রদেয় মোট টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে পাঠানো সোনালী সেবার রশিদ শিক্ষপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ অতি শিগগির প্রকাশ করা হবে। এই সম্ভাব্য তালিকা হতে ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ নভেম্বর। পরীক্ষার ফি ব্যাংকে জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে। Final Candidate List Print করে যাচাইপূর্বক পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধান স্বাক্ষর করবেন।

পরীক্ষার্থীর স্বাক্ষরসংবলিত প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কপি সংরক্ষণ করতে হবে। ইলেক্ট্রনিক ফরমফিলাপের কার্যক্রমের বিবরণ ও সময়সূচি দেওয়া হলো।

প্রদর্শিত সম্ভাব্য তালিকা হতে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন “সোনালী সেবার” মাধ্যমে ফিসের অর্থ জমা দেওয়ার তারিখ ৫ থেকে ৯ নভেম্বর। একই নামের একাধিক ছাত্র-ছাত্রী থাকলে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্বাচন করতে হবে, যাতে প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কোনো পরীক্ষার্থীর নাম নির্বাচিত না হয়। এরূপ ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা মুদ্রণ করে প্রতিষ্ঠানপ্রধান ও পরীক্ষার্থীর স্বাক্ষরসহ তালিকা সংরক্ষণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

সোনালী ব্যাংকের সোনালী সেবার কপি ও পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত প্রিন্ট আউট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস সংক্রান্ত: নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৬ খ্রিষ্টাব্দের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফি: তত্ত্বীয় প্রতি পত্র-বিষয় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ১২৫ টাকা। ব্যাবহারিক: প্রতি পত্র-বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী) ২৫ টাকা।

কেন্দ্র ফি সংক্রান্ত (এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিশোধ করতে হবে)। এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি জন প্রতি ৪৫০ টাকা।

তত্ত্বীয় বিষয়গুলোর আদায়কৃত কেন্দ্র ফি হতে প্রত্যেক কলেজ ১০ শতাংশ টাকা নিজস্ব ব্যয়ের জন্য রেখে অবশিষ্ট ৯০ শতাংশ টাকা পরীক্ষা কেন্দ্রের ব্যয়ভার নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। বোর্ড অফিস থেকে অব্যবহৃত উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সাজসরঞ্জাম সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় খরচ কেন্দ্র ফি থেকে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে সংকুলান করতে হবে।