গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর জেলাজুড়ে বইছে আলোচনা-সমালোচনা। এদিকে এ ঘটনায় স্কুলটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন- স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার। শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান, রিয়াজুল মুন্সি, ৮ম শ্রেণির শিক্ষার্থী রেজাউল করীম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী সাজিদ কাজী।
জানা গেছে, গত ৬ অক্টোবর স্কুল ছুটির সময় শ্রেণিকক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় স্কুলটির বিভিন্ন শ্রেণির ৯ শিক্ষার্থী। পরে এ ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় পরদিন স্কুল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বুধবার স্কুল থেকে ওই শিক্ষার্থীদের বদলির ছাড়পত্র দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর হক বলেন, গত ৬ অক্টোবর দুপুরে ছুটির সময় স্কুলের বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দেয়। এ ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসক মহোদয় আমাকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। পরে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের টিসি (ছাড়পত্র) দেওয়া হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি মাত্র।





