ঢাকা | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,৬ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশী তিনদিনের রিমান্ডে

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তার শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, ‘তাদের অপরাধের সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত ও ডিভাইসগুলোর আরও তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিনদিনের মঞ্জুর করেছেন।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরী তেমনি যদি তারা পর্যটক বা অন্যান্য কাজে এসে থাকে তাহলে তাদের আইনি মুক্তি পাবার সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে।’

এর আগে সকাল নয়টার দিকে তাদের আনা হয়। পরবর্তীতে শুনানি শেষে আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গেল ৯ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সেই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।