রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গণঅনশন’ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরসহ তিন দাবিতে বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচি শুরু করেন তারা।
এ আন্দোলনে একদল শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতাকর্মীও ছিলেন। রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে তারা অনশন প্রত্যাহারের ঘোষণা দেন।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার এসে বলেছেন, তারা পুরনো ধারা অনুযায়ী হলে ভোটকেন্দ্র ঘোষণা করেছেন। তবে এখন যেহেতু নতুন দাবি উঠেছে, এ বিষয়ে রোববার বসে সিদ্ধান্ত জানাবেন।
“আমরা আজকের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। যদি রোববার ভোটকেন্দ্র একাডেমিক ভবনে না ঘোষণা হয়, তাহলে আমরা পুনরায় অনশনে যাব এবং তা চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত চলবে।”
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন,”আমরা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। প্রধান নির্বাচন কমিশনার এবং রাকসু কোষাধ্যক্ষ স্যার বোঝানোর পর তারা অনশন প্রত্যাহার করেছেন।”
প্রধান নির্বাচন কমিশনার আমজাদ হোসেন বলেন, “আমরা পুরনো পদ্ধতি অনুসরণ করেছি। সে অনুযায়ী ভোটকেন্দ্র আবাসিক হলে করা হয়েছিল। এখন যেহেতু নতুন একটি প্রস্তাব এসেছে, আমরা কমিশন রোববার বসে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাব।”





