রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের গোপনে ভিডিয়ো ধারণ করার সময় এক পানি সরবরাহকারীকে হাতেনাতে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে গণপিটুনি ও চুল কেটে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর নূরজাহান মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
ইডেন কলেজের ২০১৮-১৯ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আন্নু মালা ঘটনার বর্ণনা দিয়ে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নূরজাহান মার্কেটের সামনে আমরা পাঁচজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলাম। এ সময় ওই যুবক গোপনে জুম করে আমাদের ভিডিও ধারণ করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা তার মোবাইল ফোন চেক করি।
তিনি বলেন, মোবাইল ফোন তল্লাশি করে তার গ্যালারিতে আরও বহু নারীর গোপন ভিডিও দেখতে পাই। এর মধ্যে শপিংমলে কেনাকাটার দৃশ্য, রাস্তাঘাটের ভিডিওসহ বিভিন্ন আপত্তিকর ক্লিপ ছিল। আমরা জানতে পেরেছি, ছেলেটি একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আটকের পর শিক্ষার্থীরা অভিযুক্ত যুবককে ধরে ইডেন কলেজ ক্যাম্পাসের ভেতরে নিয়ে যান এবং কলেজ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে তাকে হস্তান্তর করেন। পরবর্তীতে শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লালবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক মো. লিটন মিয়া জানান, আটক ওই যুবক বিভিন্ন মার্কেটে পানি সরবরাহের কাজ করেন। ইডেন কলেজের কয়েকজন শিক্ষার্থীর গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে শিক্ষার্থীরা তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




