ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,১১ কার্তিক ১৪৩৩

নতুন সচিবালয়ের সয়েল টেস্টিংয়ে বাধা, মালামাল নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে নতুন সচিবালয় স্থাপনের জন্য ‘সয়েল টেস্টিং’এবং প্রস্তাবিত ‘এশিয়া বাণিজ্য মেলার সব কার্যক্রম আটকে দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সয়েল টেস্টিংয়ে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও যন্ত্রপাতিবাহী গাড়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যায়। এসময় বিশ্ববিদ্যালয় স্পষ্ট অনুমতি ছাড়া এই গবেষণা মাঠে কোনো প্রকার বহিরাগত কার্যক্রম বা নির্মাণকাজ চালাতে দেওয়া হবে না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টায় গবেষণা মাঠের জমি শেকৃবির নামে স্থায়ীভাবে উদ্ধার ও প্রতিরক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। স্মারকলিপিতে আগামী ৩দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে পুরাতন বাণিজ্য মেলার মাঠকে আনুষ্ঠানিকভাবে শেকৃবির নিজস্ব গবেষণা মাঠ হিসেবে ঘোষণা এবং জমি সুরক্ষায় হাইকোর্টে জরুরি ভিত্তিতে রিট দায়েরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সরকার ১৬ই ডিসেম্বর এই মাঠে সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরিকল্পনা করছে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের প্রাণকেন্দ্রে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ নষ্ট করে সচিবালয় নির্মাণের মতো সিদ্ধান্ত পরিবেশগতভাবে চরম অপরিণামদর্শী এবং শেকৃবির শিক্ষা-গবেষণার জন্য বড় ধরনের হুমকি।

এছাড়া নিজ অধিকার আদায়ের দাবিতে মাস্টার্সের সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অনেক দিন থেকে আমরা বিষয়টা বুঝানোর চেষ্টা করতেছি। মানববন্ধন করেছি, সরকারকে স্মারকলিপি দিছি কিন্তু আমাদের দুর্বল ভাবা হচ্ছে। প্রায় ৩শত একর জমি ছিল আমাদের, সরকার নিতে নিতে আজ ছোট্ট জায়গায় সীমিত করে ফেলেছে, গবেষণার প্রশ্নে আর কোন ছাড় নয়।