ঢাকা | মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবেন প্রধানমন্ত্রী-দাবি সেলিম ভূঁইয়ার

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য যে ৭ ‘শ কোটি টাকার হিসাব দেয়া হয়েছে, আপনারা ভালো করে হিসাব-নিকাশ করেন আমি (প্রধানমন্ত্রী) প্রয়োজনে ৭ হাজার কোটি টাকা হলেও জাতীয়করণ করবো–এমন কথা নাকি সেলিম ভূঁইয়াকে বলেছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আইনজীবী মো. সেলিম ভূঁইয়া এমপি।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ দাবি করেন ।

সেলিম ভূঁইয়ার ভাষ্য, ‘শিক্ষকদের সমাজিক মর্যাদা নেই বলে আজ জাতীয়করণ চাচ্ছি। চাকরির সিকিউরিটি, আর্থিক স্বচ্ছলতা নেই বলে আমরা জাতীয়করণ চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। সেজন্য তিনি ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বলেছেন, যখনি রাষ্ট্রে কোনো অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে একজন প্রাইমারি শিক্ষক, স্কুল শিক্ষক ও কলেজ শিক্ষককে দাওয়াত দেয়া হবে। এটাও একটা স্বীকৃতি।’

‘শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তাহলে ছাড় হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী চায় এদেশের শিক্ষকরা যেনো রাস্তায় না নামে।’

তার ভাষ্য, ‘সার্টিফিটিকেট যদি আমার না থাকে, ২০০১ থেকে ২০০২ আমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি, ছাত্র আবার ২০০১ থেকে ২০০২ আমি আরেকটি বোর্ডের আন্ডারে একই পরীক্ষা দিচ্ছি। এটা কি দুর্নীতি না? এটা কি অনিয়ম না? তাছাড়া আরো কিছু বিষয়, সেগুলো সরকারের উচিত বের করা। সে বিষয়ে আমরা কোনো শিক্ষকের নাম উচ্চারণ করবো না, কাউকে আমরা খাটো করতে চাই না। তবে যেসব ভাইয়েরা ভুল বুঝে আসতে চেয়েছিলেন তারা আবার স্থগিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বোঝার জন্য।’