উপাচার্য পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি শুরুর ৩৬দিন পর আজ বুধবার থেকে ক্লাসে ফিরছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একই দিন ক্যাম্পাসে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের পরামর্শক কমিটি। কমিটির সঙ্গে নতুন উপাচার্যের (ভিসি) প্রবেশ ঠেকাতে মূল ফটক পাহারা দেওয়ার পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা।
চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির জানান, ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নিজেদের মতো নির্ধারণ করবে। এতে তাদের কোনো বাধা নেই। তবে নতুন উপাচার্যকে কোনোভাবে গ্রহণ করবেন না শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা কর্মচারীরা।
তবে নবনিযুক্ত উপাচার্য ড. শরিফুল আলম বলেন, সরকারের নির্দেশনা মেনেই চুয়েটে ফিরব আমি। কেউ আমাকে কোনো কিছুর জন্য বাধ্য করতে পারবে না।
দুই পক্ষের এমন পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেই গত রোববার রাতে এক বিবৃতিতে আজ বুধবার থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ক্লাস শুরুর বিষয়ে এখনও নিশ্চিত নন অধিকাংশ বিভাগের প্রধান। চুয়েটের স্নাতক পর্যায়ের ১২টি বিভাগের মধ্যে ১১টির প্রধানের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর বলেন, এখনও শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আবেদন পাননি তিনি। শিক্ষার্থীরা কোর্স সমন্বয়কের মাধ্যমে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চুয়েটের চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সুপারিশ প্রণয়নে আজ বিশ্ববিদ্যালয়ে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের পরামর্শক কমিটি। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সরেজমিন পরিদর্শনের পর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন কমিটির সদস্যরা।
ইউজিসির পরিদর্শন ও মনিটরিং শাখা থেকে জারি করা চিঠি অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে, দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে মতবিনিময় হবে।
জানতে চাইলে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ বলেন, আপাতত আমাদের একাডেমিক কার্যক্রম চালুর বিষয়েই সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক বিষয়টি আমরা এখন বলতে পারছি না, সে বিষয়ে আমাদের শিক্ষক সমিতি থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। পরে কর্মবিরতি দিয়ে আন্দোলনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।






