ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও সহকারী পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের প্রশিক্ষণ বিমানটিতে থাকা দুজনের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন।
নিহত দুজন হলেন- গুজরাটের শচীন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পূজারি। তারা বেলা সাড়ে ১১টার দিকে কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণকেন্দ্র থেকে উড্ডয়ন করেন। প্রশিক্ষণকেন্দ্রে ফেরার সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।
কানপুর নগর পুলিশের কমিশনার রঘুবীর লাল বলেন, ‘আমরা প্রশিক্ষকের বিষয়ে তথ্য পেয়েছি। তার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। ডিজিসিএকে জানানো হয়েছে। তাদের দল বিস্তারিত তদন্ত করবে।’





