কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের খোঁজ মিলছে না।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুবির নিকটস্থ কোটবাড়ির গন্ধমতী এলাকার নিজ বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন মা নাহিদা নাহিদ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার ছেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোনটি নিয়ে বাসা থেকে বের হয়, এরপর আর ফিরে আসেনি।
নাহিদা নাহিদ লিখেছেন, আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।
পরে শুক্রবার দিবাগত মধ্যরাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ছেলেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদা নাহিদ লেখেন, আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?’ অপ্রতিমের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাহিদা নাহিদ। তাঁর দেওয়া যোগাযোগ নম্বর—০১৯৭৪৮৮৮৬৬৫।
অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার জানান, এখন পর্যন্ত অপ্রতিমকে খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনায় সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আইফোনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত আইফোনটির লোকেশন গন্ধমতী এলাকায় দেখা গেছে। এরপর থেকে আর কোনো লোকেশন পাওয়া যায়নি। অপ্রতিম সাধারণত যেসব বন্ধুদের সঙ্গে চলাফেরা করে, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই বন্ধুরা সবাই নিজ নিজ বাসায় রয়েছে বলে জানান তার বাবা। পুলিশ ও পরিবারের সদস্যরা বন্ধুদের বাসায় গিয়ে অপ্রতিমের সঙ্গে তাদের সর্বশেষ কখন দেখা হয়েছে, সে বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছেন।
অপ্রতিমের বাবা আরও জানান, স্থানীয় বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ পর্যালোচনার চেষ্টা করছে। তবে রাত পর্যন্ত ক্যামেরার ফুটেজ থেকে অপ্রতিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।





