ঢাকা | রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,২২ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।