পবিত্র সিরাতের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির সৌন্দর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘সিরাত মাহফিল ও নাতে রাসূল (সা.)’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রুয়েট ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসূল (সাঃ) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও দ্বীনি ব্যক্তিত্ব এবং কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিরামিকস ও মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রিদওয়ানুল হক। এছাড়া রেনেসাঁ কালচারাল গ্রুপের সাবেক সভাপতি তানজিমুল ইসলাম ও সাবেক সেক্রেটারি এস. এ. ফারুক সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক পর্বে নাতে রাসূল (সা.) পরিবেশন করা হয়। এ পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত একদল শিক্ষার্থী নাতে রাসূল পরিবেশন করেন।
আয়োজনের অংশ হিসেবে রুয়েট শিক্ষার্থীদের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে ২০–২৩ সিরিজ এবং ‘খ’ বিভাগে ২৪–২৫ সিরিজের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
কুইজ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস রেদওয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বিজয়ী হন। ‘খ’ বিভাগে বিজয়ী হন যন্ত্রকৌশল বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম এবং পুরকৌশল বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম।
আয়োজকদের পক্ষ থেকে রেনেসাঁ কালচারাল গ্রুপের সভাপতি ও ইসিই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুহায়েল আহমেদ বলেন, “মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তরুণ প্রজন্মের কাছে এ আদর্শের চর্চা পৌঁছে দেওয়া এবং ইসলামী সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর পাশাপাশি আমরাও ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রিয় নবী (সাঃ)-এর আদর্শ অনুযায়ী পরিচালনা করব—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সিরাতের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে নারী শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়।




