ঢাকা | বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,১৯ ভাদ্র ১৪৩৩

কার্জন হল পরিদর্শন করলেন ফরা‌সি রাষ্ট্রদূত

ঢাকার ঐতিহাসিক স্থাপনা কার্জন হল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান গবেষণায় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় লা রোশেল ইউনিভার্সিটির মধ্যে এক বছরব্যাপী যৌথ গবেষণা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে তিনি কার্জন হলে যান।

কার্জন হল পরিদর্শনকালে ফরাসি রাষ্ট্রদূত কার্জন হলের নান্দনিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং বৈজ্ঞানিক ঐতিহ্যের প্রশংসা করেন।

তিনি বলেন, এই স্থাপনাটি ইতিহাস, স্থাপত্যের আকর্ষণ ও জ্ঞানচর্চার সমৃদ্ধ ঐতিহ্যের এক অনন্য সমন্বয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও লা রোশেল ইউনিভার্সিটির যৌথ গবেষণা কর্মসূচিটি সমুদ্রবিজ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের অ্যাকাডেমিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে দুই দেশের গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।