ঢাকা | বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,১৯ ভাদ্র ১৪৩৩

এমপিও শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে। শিগগির এ টাকা শিক্ষকদের একাউন্টে পৌঁছে যাবে।

আজ (২সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এমপিও শিক্ষকদের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছিল। আজ মন্ত্রণালয় অনুমোদন করেছে। বাকি প্রক্রিয়া শেষে শিক্ষকদের টাকা ব্যাংকে পৌঁছে যাবে।

এর আগে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধের জন্য প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই ও বিল সাবমিটের কাজ চলমান ছিল। প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই করে নির্ধারিত প্রক্রিয়ায় বিল সাবমিট করেছেন।

এর আগে গত ১৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়। এতে ২১ আগস্টের মধ্যে বিল সাবমিট করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বলা হয়েছিল।

মাউশির নির্দেশনায় বলা হয়েছিল, প্রতিষ্ঠান প্রধান এমপিও সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও শিট মডিউলে লগ-ইন করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাবে এমপিওর অর্থ পাঠানো হবে।

এ ক্ষেত্রে ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলেও মাউশির পক্ষ থেকে জানানো হয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য এখনো ভুল রয়েছে, সঠিক তথ্য পাওয়া ও যাচাই শেষে পরবর্তীতে তাদের তথ্যও বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।