ঢাকা | বুধবার, ১২ আগস্ট ২০২৬,২৮ শ্রাবণ ১৪৩৩

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত সেই ছাত্রদল নেতাকে পুনর্বহাল

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে সাড়ে চার মাস পর পুনর্বহাল করা হয়েছে।

বুধবার জেলা ছাত্রদল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী জেলা শাখার অধীনে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত মার্চ মাসে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহন নিয়ে নোমানের সঙ্গে রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে তার বিরুদ্ধে মাটি পরিবহনের জন্য ১৬ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে।

প্রায় চার মিনিটের ওই ফোনালাপে নোমানকে বলতে শোনা যায়, ইলাশপুর সড়ক দিয়ে সাত দিন মাটি পরিবহনের জন্য টাকা দিতে হবে।

ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর গত ২৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোমানুল হক নোমানকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের একটি চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।