ঢাকা | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,২৯ শ্রাবণ ১৪৩৩

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে দুই ছাত্র বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগকে কেন্দ্র করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

হল কর্তৃপক্ষের দাবি, তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ার পর তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়েও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হল সংসদের জিএস আহমেদ আল সাবাহর পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর অভিযোগকারী শিক্ষার্থীর পক্ষে প্রশাসনের কাছে শাস্তির আবেদন করেন হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ। এরপর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের পক্ষে ‘অকাট্য প্রমাণ’ পাওয়ার দাবি করে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

হল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বহিষ্কৃত দুই ছাত্র হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ। শুভর বাড়ি নেত্রকোনায় বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

জিএসের পাঠানো বার্তায় আরও দাবি করা হয়, স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের বিষয়েও প্রশাসনিক প্রক্রিয়া চলমান বলে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, তদন্ত কমিটির প্রতিবেদন কিংবা অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।