ঢাকা | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,২৭ শ্রাবণ ১৪৩৩

হাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক এর মাধ্যমে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হামসান খান। সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম।সঞ্চালনা করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।এছাড়াও ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ ও চিকিৎসা সেবা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আমরা গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষদের সাথে খুবই কম মেশার সুযোগ পাই, তাই আজকের এই আয়োজন একটি মহতী উদ্যোগ| গ্রামের এই প্রান্তিক পর্যায়ের কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি| শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করে কৃষকদের সাথে কথা বলে তাদের পালিত প্রাণীর সমস্যা গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে| এমনকি নতুন নতুন রোগ বালাই সম্পর্কে ধারনা লাভ করতে পারবে| তিনি আরও বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে আমাদের কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন| তাদের অক্লান্ত শ্রমের মাধ্যমে আমরা আমিষের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি| উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দরজা সব সময় খোলা থাকবে, গবাদিপশুর যে কোন সমস্যায় আপনারা কোন দ্বিধা না রেখে আমাদের কাছে চলে আসবেন| আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি| আমরা আশাকরি প্রতিমাসে এ ধরনের কর্মসূচীর আয়োজন করতে পারবো| পরিশেষে, তিনি এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন|

উল্লেখ্য, এ কর্মসূচীর মাধ্যমে কৃষকদের ৪০০ টি গরু, ৪০০টি ছাগল এবং ১০০০টি হাস ও মুরগীর স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদানসহ, বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ঔষধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়|