জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কিউএসি’র সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
সভায় বিশ্ববিদ্যালয়ে বছরে অন্তত তিনটি জাতীয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরির পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের বিদেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টি এবং অভিজ্ঞতা ও সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সভায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে র্যাঙ্কিংয়ে অবস্থান এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত কিউএসি’র ১১তম সভার কার্যবিবরণী উপস্থাপন করেন কিউএসির সদস্য-সচিব ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।
সভায় জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ, জার্নাল ইনডেক্সিং এবং ডি-নথি চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় কিউএসির সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম, কিউএসির সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং আমন্ত্রিত সদস্য বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।







