ঢাকা | রবিবার, ২৬ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা

ইমিগ্রেশন জটিলতায় ভারতে প্রবেশ করতে না পেরে দিল্লি বিমানবন্দর থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

কূটনৈতিক পত্রের মাধ্যমে আগে থেকেই জানানো সত্ত্বেও রোববার সন্ধ্যায় দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে বাধা দেয়। ‘রহস্যজনক কারণে’ নেওয়া এই সিদ্ধান্তের পর অবশ্য উচ্চ মহলের হস্তক্ষেপে তাকে দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি দিল্লিতে প্রবেশ না করে, কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি। এমন পরিস্থিতিতে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেছেন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।