ঢাকা | রবিবার, ২৬ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

টাঙ্গাইলের এক গ্রামেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার একটি গ্রামের আট শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করায় তাদের সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। ট্যালেন্টপুলসহ মোট আটজন শিক্ষার্থীর এই কৃতিত্বকে ঘিরে গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ঘাটেশ্বরী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন— ফাতেমা আক্তার শেমী, আরাফাত আল মামুন, আনাস আল মামুন, কুঞ্জেনুর বিনতে কামাল, তাওহীদুর রহমান খান, সামির হোসেন, মোনায়েম হোসেন এবং সানজিদা আক্তার মীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেন। সঞ্চালনা করেন ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাবেক সভাপতি সরওয়ার পারভেজ।

এ সময় বক্তব্য দেন সখীপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক মাইন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বহেড়াতৈল গণউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আরমান হোসেন, অধ্যক্ষ নাছির উদ্দিন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী জমজ তিন সন্তানের মা ও শিক্ষিকা আর্জিনা বেগম।

বক্তারা বলেন, একটি গ্রাম থেকে একসঙ্গে এতজন শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি অর্জন অত্যন্ত গৌরবের বিষয়। এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় উৎসাহিত করবে এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হবে। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত অতিথিরা।