ঢাকা | রবিবার, ২৬ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

রাষ্ট্রপতির পদ ত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন। এরপর সপরিবারে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। চিকিৎসার জন্য তিনি শিগগিরই বিদেশে যাবেন।

সাবেক রাষ্ট্রপতি জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাবেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরই মধ্যে তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ বলে জানান তিনি। চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাবেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শনিবার রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে আক্রান্ত হন তিনি। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

সাবেক রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছিল। গুলশানের বাড়িটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে হিসেবে বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সুত্র: সমকাল