ঢাকা | সোমবার, ৩১ আগস্ট ২০২৬,১৬ ভাদ্র ১৪৩৩

সাবেক ছাত্রনেতা ইশরাকের নেতৃত্বে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সম্প্রতি ঘটে যাওয়া নানা কর্মকাণ্ড ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘাতের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা কলেজ সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন ইশরাক।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নীলক্ষেত এলাকা প্রদক্ষিণ করে। পরবর্তীতে নীলক্ষেতে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

সমাপনী বক্তব্যে বোরহান উদ্দিন ইশরাক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রদলের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, “আমি ১৭ বছর ধরে ঢাকা কলেজে সক্রিয় রাজনীতির দায়িত্ব পালন করেছি, এই সুদীর্ঘ সময়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিবিরের কোনো ইতিবাচক বা প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম লক্ষ্য করিনি।”

তিনি অভিযোগ করে জানান, সম্প্রতি শিবিরের একজন দায়িত্বশীল ব্যক্তি ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেনকে মুঠোফোনে হুমকি দিয়েছেন।এছাড়াও তিনি শিবিরকে ‘ছাত্রলীগের প্রেতাত্মা’ হিসেবে আখ্যায়িত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও অবদান স্মরণ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, জুলাইয়ের গণআন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার ও ভূমিকা পালন করেছে ছাত্রদল এবং বিএনপি। এই আন্দোলনের জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অমানবিক জুলুম-অত্যাচারের শিকার হতে হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, “জুলাই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নয়; এটি দল-মত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের আপামর জনতার আন্দোলন।”

বক্তব্যের একপর্যায়ে শিবির নেতাদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বোরহান উদ্দিন ইশরাক বলেন, ” রাজপথে পুলিশের সামনে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী আন্দোলন ও সংগ্রাম করেছে—এমন প্রমাণ যদি কেউ দেখাতে পারে, তবে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার এবং তাদের সর্বস্তরের কমিটি সর্বসাধারণের সামনে প্রকাশ করার জোর আহ্বান জানান তিনি।