দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের নিবিড় মনিটরিংয়ের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে প্রধান শিক্ষকদের পার্সোনাল ডাটা শিটে (পিডিএস) হোয়াটসঅ্যাপ-সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে জারি করা এক জরুরি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের উপপরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা ওই অফিস আদেশে বলা হয়, মাউশির আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় এ লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ কারণে যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, সেসব নম্বর পরিবর্তন করে হোয়াটসঅ্যাপ-সুবিধাযুক্ত মোবাইল নম্বর দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের নতুন নম্বর দিয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিডিএস হালনাগাদ করতে হবে।





