রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২০২৭ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১৪ জানুয়ারি। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
সভা শেষে এ তথ্য জানান, ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
তিনি বলেন, “আগামী বছরের ১৪ জানুয়ারি রুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এদিকে সম্ভাব্য তারিখ লক্ষ্য রেখে ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে গতবারের মতোই একই দিনে রুয়েটের পাশাপাশি ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক কামরুজ্জামান জানান, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া পূর্বের ন্যায় অনলাইনে রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও আবেদন ফি পরবর্তী সময়ে নির্ধারণ করে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।





