রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
রবিবার (১৯ এপ্রিল) প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপাচার্য রাবির চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম তুলে ধরেন এবং এর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেন। এ সময় সহকারী হাই কমিশনার ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রাবির সংস্কৃত বিভাগের একাডেমিক উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এছাড়া ভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার সঙ্গে ইতোমধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যৌথ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে সহকারী হাই কমিশনার উপাচার্যকে একটি প্রকাশনা উপহার দেন। জবাবে উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর হোসনে আরা আরজু, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্টরা।









