ঢাকা | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬,৬ বৈশাখ ১৪৩৩

এসএসসি ও সমমান পরীক্ষার্থী কমেছে সাড়ে ৭১ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। সে হিসেবে এবছর পরীক্ষার্থী কমেছে ৭১ হাজার ৬২৬ জন।

রোববার (১৯ এপ্রিল) আন্ত:শিক্ষাবোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীরা সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন, ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি।

বোর্ড ভিত্তিক সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডে। এবার এ বোর্ড থেকে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেবেন এ পরীক্ষায়। এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৬টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি।

জানা যায়, চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) এ পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন নিতে হবে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যাবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বরবোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

এদিকে গতকাল শনিবার (১৮ এপ্রিল) যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে সাড়ে ৮টার থেকে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে জানানো হয়। আর আজ রোববার (১৯ এপ্রিল) সব কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানি রাখার নির্দেশনা দেয়া হয়।