রাজশাহী জেলার বাঘা থানার চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার আসামী মোঃ ইসলাম আলী (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর একটি দল। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মোঃ আফসার মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত(৭ সেপ্টেম্বর ২০২৬) তারিখ রাত্রি আনুমানিক ৩ টার সময় বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামে ইয়ারুলের বসতবাড়ির সামনে মোঃ শিমুল (২৮) ও মোঃ শমজান নামের দুই যুবককে চোর সন্দেহে আটক করে ২০-২৫ জনের একটি দল। এরপর তাঁদের ওপর অমানবিক গণপিটুনি চালানো হয়। এতে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিমুলকে মৃত ঘোষণা করেন।
নিহত শিমুলের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, শিমুল পূর্বেও একাধিকবার চুরির ঘটনায় ধরা পড়লে তিনি জরিমানা দিয়ে তাঁকে ছাড়িয়ে এনেছিলেন। ঘটনার দিন ভোরে মসজিদের লোকজনের কাছে গণপিটুনির কথা জানতে পারলেও শিমুলের অপকর্মের ওপর বিরক্ত থাকায় তিনি প্রথমে ঘটনাস্থলে যাননি। পরবর্তীতে সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে তিনি ছেলের মৃত্যুর খবর পান।
এই নির্মম গণপিটুনির ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে বাঘা থানায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই তদন্তে নামে র্যাব-৫। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত-(১৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন সবজীপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মোঃ ইসলাম আলীকে গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আইনি প্রক্রিয়া এড়িয়ে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।








