চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। সেই সঙ্গে এর পরদিন (১১ আগস্ট) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।
শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেয়া হবে। এ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
আগামী সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।
গত ২১ এপ্রিল থেকে দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় ২০ মে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র ও ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
সাধারণত, পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। আগামী ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের ঘোষণা দেয়ায় এবারও তার ব্যতিক্রম ঘটছে না।





