ঢাকা | মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

শুধু ‘স্যরি’ বলে কাজ হচ্ছে না? জানুন ক্ষমা চাওয়ার ১০ উপায়

ভুল মানুষেরই হয়। কখনো অজান্তে, আবার কখনো রাগের মাথায়। কখনো নিজের অজান্তেই প্রিয় কাউকে কষ্ট দিয়ে ফেলি আমরা। ভুল বোঝাবুঝির কারণেও তৈরি হতে পারে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। তাই ক্ষমা চাইতে আমরা সাধারণত একে অপরকে ‘স্যরি’ (Sorry) বলে থাকি।

প্রতি বছর ২৬ মে অস্ট্রেলিয়ায় পালিত হয় ‘ন্যাশনাল স্যরি ডে’ (National Sorry Day)। দেশটির আদিবাসী শিশুদের পরিবার থেকে জোর করে বিচ্ছিন্ন করার বেদনাদায়ক ইতিহাস স্মরণে দিনটি পালন করা হয়। এসব শিশু ও তাদের প্রজন্ম ‘স্টোলেন জেনারেশনস’ (Stolen Generations) নামে পরিচিত। একই সঙ্গে অতীতের অন্যায়ের স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি জানানোর দিন এটি।

ইতিহাসের এই স্মরণদিবসের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ক্ষমা চাওয়ার গুরুত্ব অনেক। তবে মুখে শুধু ‘স্যরি’ বা ‘দুঃখিত’ বললেই যে সব সময় ক্ষমা পাওয়া যায়, বিষয়টি এমন নয়। কিছু পরিস্থিতিতে একটি ‘স্যরি’ যথেষ্ট হয় না। বরং আন্তরিকতা ও সৃজনশীলতার সঙ্গে ক্ষমা চাইলে তা অন্যের মনে আলাদা জায়গা করে নিতে পারে।

মুখে শুধু ‘স্যরি’ বলার বাইরে চেষ্টা করতে পারেন এই ১০টি উপায়
১. হাতে লেখা চিঠি: মেসেজের বদলে নিজের হাতে ছোট্ট একটি চিঠি লিখুন। কোথায় ভুল করেছেন এবং কেন অনুতপ্ত, তা নিজের ভাষায় জানান।

২. প্রিয় খাবার দিয়ে চমক: তার পছন্দের খাবার রান্না করুন বা অর্ডার করুন। সঙ্গে ছোট্ট একটি নোট দিতে পারেন: ‘জানি, এতে সব ঠিক হবে না, তবু তোমার মুখে হাসি দেখতে চাই।’

৩. স্মৃতির অ্যালবাম: একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি দিয়ে ছোট অ্যালবাম বানান। শেষ পাতায় লিখুন, ‘এই সম্পর্কটা আমার কাছে এখনো অনেক মূল্যবান।’

৪. পছন্দের গানের প্লেলিস্ট: তার পছন্দের গান দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করুন। নাম দিতে পারেন–‘তোমার মন ভালো করার চেষ্টা’।

৫. ছোট্ট ভিডিও বার্তা: নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে একটি ভিডিও রেকর্ড করুন। সাজানো সংলাপ নয়, বলুন মনের কথা।

৬. একদিনের দায়িত্ব নিজের কাঁধে: তার নিয়মিত কাজের কিছু দায়িত্ব নিয়ে নিন। কথার চেয়ে কাজে অনুশোচনা প্রকাশ করুন।

৭. প্রিয় জায়গায় নিয়ে যাওয়া: দুজনের বিশেষ কোনো স্মৃতিবিজড়িত জায়গায় যাওয়ার প্রস্তাব দিন। সেখানে পুরোনো সুন্দর মুহূর্তগুলো মনে করতে পারেন।

৮. ছোট্ট উপহার: দামি কিছু নয়, তার পছন্দের বই, ফুল কিংবা ছোট কোনো স্মারক উপহার দিন।

৯. মন দিয়ে শোনা: কোনো অজুহাত না দিয়ে তাকে নিজের কষ্টের কথা বলতে দিন। মাঝখানে বাধা না দিয়ে মনোযোগ দিয়ে শুনুন।

১০. পরিবর্তনের প্রতিশ্রুতি: শুধু ক্ষমা চেয়ে থেমে যাবেন না। যে আচরণে কষ্ট দিয়েছেন, তা বদলানোর বাস্তব উদ্যোগ নিন।

মনে রাখবেন, উপহার বা চমক কখনোই আন্তরিক ক্ষমা চাওয়ার বিকল্প নয়। সবচেয়ে সুন্দর ‘স্যরি’ সেটিই, যেখানে ভুল স্বীকার, অন্যের অনুভূতির প্রতি সম্মান এবং নিজেকে সংশোধনের চেষ্টা–তিনটিই থাকে।