ঢাকা | বুধবার, ৮ জুলাই ২০২৬,২৪ আষাঢ় ১৪৩৩

কুবিতে নিরাপদ খাদ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ‘ক্যাম্পাস ফুড সেফটি অ্যাওয়ারনেস’ সেমিনার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ খাদ্য, সুস্থ ক্যাম্পাস’।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।

সেমিনারে নিরাপদ খাদ্য গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি খাবার গ্রহণের আগে হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিকভাবে খাবার রান্না করা এবং নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আমাদের কম বাজেটের মধ্যে কিভাবে কাজগুলো করবো সেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা।খাদ্যের গুনগত মানের চেয়ে আমরা বেশি খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করছি।ক্যান্টিনগুলোকে আমরা বিভিন্ন গ্রেডে ভাগ করতে চাই।আমার ছাত্ররা যেন অন্তত মিনিমাম পুষ্টিকর খাবার পায় তা নিশ্চিত করতে চাই।ধীরে ধীরে আমরা পুরো ক্যাম্পাসে ফুড সেইটি নিচ্চিত করবো।”

প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন,”আমাদের খাদ্য অবশ্যই পুষ্টিকর হতে হবে।নিরাপদ খাদ্য বলতে বুঝায় আমাদের খাদ্য কখনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না।খাদ্যটা অনিরাপদ হলে বিভিন্ন খাদ্যবাহিত রোগের শিকার হতে হয়।”