ঢাকা | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,১২ ভাদ্র ১৪৩৩

নিষেধাজ্ঞার পরও শিক্ষকদের কোচিং বাণিজ্য, ফের কড়া নির্দেশ শিক্ষা অফিসের

শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো নিষিদ্ধ থাকলেও কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনা মানছে না। এমনকি শ্রেণি কার্যক্রম চলার সময়ও কোচিং কার্যক্রম অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সরকারি নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো বন্ধে প্রতিষ্ঠানগুলোকে ফের নির্দেশ দিয়েছে নোয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

মঙ্গলবার (২৫ আগস্ট) নোয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এ চিঠি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষিদ্ধকরণ, শিক্ষকদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে যাওয়া এবং ব্যবহার করা নিষিদ্ধকরণের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো কিছু কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করা অব্যাহত রয়েছে।

এমন অবস্থায় মোবাইল ফোন এর ব্যবহারে শিক্ষক এবং শিক্ষার্থীদের কঠোরভাবে নির্দেশনা দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

এছাড়া নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো নিষিদ্ধ করার পরও এখনো কিছু কিছু প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলার সময়েও কোচিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের সরকারি নীতিমালা, নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।