প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নগরীর পিটিআই সভাকক্ষে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, বেসরকারি কোনো প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান যেন অন্যায় করে বাড়তি অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে। এছাড়াও সরকার ইউনিফর্মসহ আনুষঙ্গিক উপকরণ বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করবে।
তিনি বলেন, প্রাথমিকের নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। এতে সরকারি-বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেয়া হবে। দ্রুতই প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি। এই আয়োজনে রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা যোগ দেন।







