ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের পঞ্চম দিন চলছে। শিক্ষার্থীদের দেওয়া ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনে নতুন উপাচার্য মোহাম্মদ ইকবালের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ডুয়েট।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ক্যাম্পাস ফের উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ফিরে যান নতুন উপাচার্য। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।
এর আগে, গত রোববার ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ হয়। ওইদিন রাতে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির দ্বিতীয় দিন চলমান আজ।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নতুন ভিসি ক্যাম্পাসে তার কার্যক্রম পরিচালনার জন্য প্রবেশ করতে যান। ক্যাম্পাসে ব্লকেড কর্মসূচি চলায় তিনি নিরাপত্তার স্বার্থে পুলিশের সহায়তা নেন। কিন্তু তার উপস্থিতিতে শিক্ষার্থীরা ফের ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে শিক্ষার্থীরা সব গেট বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সদস্যরা ডুয়েটের এলাকাজুড়ে অবস্থান নিয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ মে ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওইদিন রাত সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর আন্দোলন শুরু করেন। ধীরে ধীরে আন্দোলনটি সংঘাতে পরিণত হয়।





