এ বছরও এসএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর ভিডিয়ো ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার দায়ে শাস্তি পাচ্ছেন এক শিক্ষক। এই অপরাধের জন্য টাঙ্গাইলের বহুরিয়া চতল বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। তিনি এসএসসি পরীক্ষা-২০২৬ এর ইংরেজি ১ম পত্র বিষয়ের পরীক্ষক।
তার বিরুদ্ধে কেনো বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার জবাব আগামী ৫ কর্ম দিবসের মধ্যে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি অভিযুক্তকে পাঠানো হয়েছে।
চিঠিতে জানা যায়, ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্র (বিষয় কোড-১০৭)-এর উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্তি ভরাট করা হয় যার ভিডিয়ো বা স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। অভিযুক্তের এ কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমুর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোন সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ।




