মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার ওপর পুরস্কার ঘোষণার বিষয়ে আলোচনা করছে ইরান।
সোমবার (১৮ মে) বৃটেনের সংবাদমাধ্যম টেলিগ্রাফ তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, পশ্চিমা এই দুই নেতাকে হত্যার জন্য ৫ কোটি ইউরো প্রস্তাব করা একটি বিল নিয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি ‘ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা’ শিরোনামে এই বিলটি তৈরি করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও নেতা নিহত হন। এরই প্রতিশোধ হিসেবে এমন পদক্ষেপ নিতে চলেছে ইরান। এনিয়ে আজিজি জানান, ২৮ ফেব্রুয়ারি চালানো হামলার জন্য ট্রাম্প, নেতানিয়াহু ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্রাড কুপার দায়ী।
তাদের অবশ্যই ‘পাল্টা ও সমপরিমাণ পদক্ষেপের’ মুখোমুখি হতে হবে। এ ছাড়া পৃথক ঘোষণায় কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান বলেন, যে ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তার জন্য পুরস্কার ঠিক করতে পার্লামেন্টে শিগগিরই ভোট হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে তিনি বলেন, ইরানে যদি আবার হামলা হয় তবে ‘ধ্বংসাত্মক’ জবাব দেয়া হবে।





