ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুরে মাদ্রাসার অধ্যক্ষকে এক ছাত্রের মায়ের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৫ মে) আনুমানিক বিকাল ৫ টা দিকে জিনোদপুর বাজারে মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার একটি কক্ষে ওই নারী ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসাইনকে সন্দেহজনক অবস্থায় প্রায়ই দেখতে পান স্থানীয়রা। এরপর তারা দুজনকে আটক করে রাখেন। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোফাজ্জল হোসাইনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকেও থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর জিনোদপুর বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় অভিভাবকরা মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।







