বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানায় বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,‘বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না। এমন কোনো বিভাগ খোলা যাবে না, যার প্রয়োজন নেই। অতীতে রাজনৈতিক কারণে এ ধরনের বিভাগ খোলা হতো।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করছি, আপনারা এমন কোনো বিভাগের অনুমোদন দেবেন না, যার বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই।’
এহছানুল হক মিলন বলেন,‘শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে শিক্ষক ও শিক্ষার্থীর এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়ন ঘটাতে হবে।’
তিনি বলেন,‘আমরা পরীক্ষার খাতায় নকল প্রতিরোধ করি। কিন্তু বাস্তবে আমাদের উন্নত দেশগুলোকে অনুসরণ করতে হবে এবং দেখতে হবে, তারা কীভাবে এগিয়ে গেছে।’
বেকারত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন,‘সেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম, আগামী পাঁচ বছরের মধ্যে, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমাতে পারবেন? আপনি বলুন, আমি আপনাকে বাজেট দেব। কোনো সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এই বাজেটে কীসের বাজেট? বেকারত্বের কারখানা বানানোর বাজেট আমাকে দিতে হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও আমাকে আনএমপ্লোয়িমেন্ট করার তালিকা দিতে পারেনি।’
ভর্তি পরীক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন,‘আমি বলেছিলাম, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলো যেন ভর্তি পরীক্ষা নেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি তা মানতে রাজি নয়। এ কারণে আমাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।’





