ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেল মানছেন না আচরনবিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প্রণীত নীতিমালার তোয়াক্কা না করে একের পর এক আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের একাধিক প্রার্থীর বিরুদ্ধে। এই তালিকায় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেল’ এর ভিপি, জি এস ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক পদপ্রার্থীর নাম উঠে আসে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা বাড়িতে যাওয়া সময় ক্যাম্পাসের ভেতরে তাদেরকে নিজ হাতে খাবার বিতরণ করতে দেখা যায় ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে।

অনন্য প্যানেলের প্রার্থীরা বলছেন, ছাত্রদল সমর্থিত এ প্যানেলে এমন কর্মকান্ডে জকসু নির্বাচনী আচরনবিধির ১১(ঙ) ধারা লঙ্ঘিত হয়েছে। ওই ধারাতে বলা হয়েছে, কোন প্রার্থী ভোটারকে কোনরকম পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনরকম উপঢৌকন দিতে পারবেন না৷

এর আগে গত শনিবার রাতেও কনসার্টের মঞ্চে উঠেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহম্মেদ ও হল সংসদের ভিপি প্রার্থী রিমি।সেখানে তারা জবি শিক্ষার্থী নুরনবীকে সহযোগিতার প্রতিশ্রুতি জানান ।যা ছিলো নির্বাচনের আচরনবিধির স্পষ্ট লঙ্ঘন। কনসার্টের অনুমতি পত্রে বলা রয়েছে, কোন প্রার্থী মঞ্চে উঠতে পারবেন না।

এ বিষয়ে ভিপি প্রার্থী মো. রাকিব বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমরা এ খাবারের ব্যবস্থা করেছি। যেহেতু উদ্ভূত পরিস্থিতিতে আমরা এটি করেছি তাই এখানে আচরনবিধি লঙ্ঘন হয়েছে বলে আমার মনে হয় না।

নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের বিষয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমাদের নজরে এসেছে কিন্তু এখনো আমরা কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ পাই নি। যদি কেউ অভিযোগ দেয় তাহলে সে অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেবো।