প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন, আগামী বছর থেকে দেশের স্কুলগুলোতে বিদেশি তৃতীয় ভাষা শিক্ষা চালু করার। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে জাপানিজ ভাষাও রয়েছে।
আজ বুধবার জাপানে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, যেকোনো জাতিকে পরিবর্তন করতে হলে বা কোন দেশকে পরিবর্তন করতে হলে, তার প্রাথমিক শিক্ষা স্তরে হাত দিতে হবে। প্রাইমারি এডুকেশন এর ভিত্তিটা যত মজবুত হবে, সেখানকার শিক্ষা ব্যবস্থা যত মজবুত হবে, একটি জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হয়ে গড়ে উঠবে।
প্রধানমন্ত্রী বলেন, এজন্য আমরা শিক্ষা ব্যবস্থায় তৃতীয় ভাষা যুক্ত করতে যাচ্ছি। বাংলাদেশি হিসাবে আমাদের মাতৃভাষা বাংলা তো রয়েছেই এর পাশাপাশি ইংরেজিতে আমরা জোর দিতে যাচ্ছি এবং প্রত্যেকটি সাবজেক্টে আমরা কয়েকটি ভাষা রাখতে চাচ্ছি। ভাষাগুলো শিখলে শিক্ষার্থীরা তার কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তার মধ্যে একটি হলো জাপানিজ ভাষা। এর মধ্য থেকে স্টুডেন্টরা পছন্দ করে নেবে। যে সে কোন ভাষাটি শিখবে। এ ব্যাপারে আমাদের পরিকল্পনার কাজ শুরু হয়ে গিয়েছে। আমি আশা করছি আগামী বছর থেকে স্কুলগুলোতে বিদেশি তৃতীয় ভাষা শুরু করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা স্পোর্টস এবং কালচার এই দুইটাকে কম্পোসারি করেছি।





