ঢাকা | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,১২ কার্তিক ১৪৩৩

জাবির ভর্তি পরীক্ষা ১০-২১ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এবার বিভাগীয় পর্যায়ে নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা নেয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আলী রেজা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেয়া হবে।’

বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। তবে এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান ডেপুটি রেজিস্ট্রার।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার ফি নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেয়া হবে। এখনো ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণ বাকি রয়েছে। তাই এ মুহূর্তে ফি পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’

আলী রেজা জানান, এবারও গত বছরের মতো ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।