ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,১২ আশ্বিন ১৪৩৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব-সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় সাইন্সল্যাব মোড়সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে।

এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সাইন্সল্যাবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সাইন্সল্যাব-সংলগ্ন গ্রিন রোডের মুখে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন। অতি তুচ্ছ একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির সূত্রপাত হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের ছাত্ররা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আশপাশের এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব গণমাধ্যমকে বলেছেন, সাইন্সল্যাবে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা ছিল। সেটা যাতে না হয়, এ জন্য পুলিশ সাইন্সল্যাবে অবস্থান করছে।