ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩

একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখের বেশি আসন খালি থাকবে

এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। এবার উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির পালা। দেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশে ২৫ লাখের বেশি আসন রয়েছে। তাহলে উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও ফাঁকা থাকবে ১৩ লাখেরও বেশি আসন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উপলক্ষে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একাদশ শ্রেণিতে ভর্তি–সংক্রান্ত বিভিন্ন তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এবারও একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগের মতোই চলবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরো বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এ ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। আগামীকাল নোটিশ দেয়া হবে। এটা আমাদের আগে থেকেই রোডম্যাপ ছিলো। শিগগির ক্লাস শুরুর নোটিশও আমরা দিয়ে দেবো।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছেন। চলতি বছর ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

চলতি বছর ১৮ হাজার ৪৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ শিক্ষার্থী ২ হাজার ৪৯০টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।