ঢাকা | সোমবার, ২৭ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েক দিন আগে কলোনি এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গত শুক্রবার সন্ধ্যায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে তার শ্বশুরবাড়ি ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টা চালান।

পরে অভিযুক্ত শিশুটিকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেন। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয়ে জানতে চাইলে সে ধর্ষণচেষ্টার বিষয়টি খুলে বলে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে শিশুটির মা স্বজনদের পরামর্শে থানায় মামলা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুকে মেডিক্যাল টেস্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।