ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (২২ জুন) রাত সাড়ে নয়টায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই কম্পনের প্রভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকার একটি পুরনো ভবনের ছাদের কার্নিশের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে।
পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস কর্মকর্তা অপু কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের ঝাঁকুনিতে বুয়েটের ওই আবাসিক ভবনটির ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলটি ঘিরে ফেলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, ভবনটিতে যেহেতু মানুষ বসবাস করছেন, তাই বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুয়েট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হিসেবে বিবেচিত।
ছাদ ধসের ঘটনার পর বুয়েটের প্রো-ভিসি ড. আব্দুল হাসিব চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রথিতযশা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ড. খান মুহাম্মদ আমানত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভবনের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেন বলে জানা গেছে।






