ঢাকা | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষির আধুনিকায়নে তারবিহীন প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

কৃষিকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে তারবিহীন বা ওয়্যারলেস প্রযুক্তির প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ক্লাবের উদ্যোগে ‘ওয়্যারলেস টেকনোলজিস ফর স্মার্ট অ্যাগ্রিকালচার’ শীর্ষক এই সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হেনডি ব্রিয়ানতোরো। তিনি তারবিহীন প্রযুক্তির মাধ্যমে কৃষি ব্যবস্থাকে কীভাবে আরও আধুনিক ও কার্যকর করা যায়, সে বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, ‘কৃষির আধুনিকায়নে ওয়ারলেস প্রযুক্তির বিকল্প নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই সুযোগ বিস্তৃত হচ্ছে। আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অবারিত সুযোগে অবদান রাখবে। বিদেশি বক্তার সঙ্গে জ্ঞান আদান-প্রদানের সুযোগ তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ। টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও বাড়বে এবং গবেষণার উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের আদান-প্রদান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়াও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তানজিল হোসেন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে বিভাগের পক্ষ থেকে প্রধান আলোচক হেনডি ব্রিয়ানতোরোর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।