জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে মারধরের অভিযোগে জড়িত ব্যক্তির বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি অভিযুক্তকে শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এ ঘটনায় আহত ছাত্রের নাম আওরঙ্গজেব রমজান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা অবধি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বুধবার বিকেলে অটোরিকশায় করে বিশমাইল এলাকা দিয়ে টিউশনে যাচ্ছিলেন তিনি। এ সময় এক ওই ব্যক্তি তার অটোরিকশা আটকান এবং লাঠি দিয়ে আঘাত করেন। এর কারণ জানতে চাইলে ওই ব্যক্তি তার হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।





