নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের মতামত তুলে ধরতে পারবে এবং কেউ বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হবে না।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘রিসপেক্ট অ্যান্ড রেসপনসিবিলিটি: স্টুডেন্ট-লেড সলিউশন্স ফর সেইফার অ্যান্ড ভায়োলেন্স-ফ্রি ক্যাম্পাসেস’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানির সম্ভাব্য সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অভিযোগ সেল রয়েছে বলেও জানান তিনি।
নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের মতামত তুলে ধরতে পারবে এবং কেউ বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হবে না।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত আইডিয়া প্রতিযোগিতায় জমা পড়া ৪৭টি প্রস্তাবনার মধ্যে ১১টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাসমিয়া আলম সুপ্তি, বাঁধন সাহা, সুচিতা আহমেদ রাভি, ফারজানা রাহমেদ শুচি, সাবরিনা রহমান সিম্মি, সাজিদা জামান তানহা, উজমা ফারিয়া মুন, শাবনাজ জামান, জুনায়েদ শাকিল, তাসিন মিথ এবং কাজী শামসুজ্জামান।





