ঢাকা | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,৪ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপ রেখে খাবার খেতে যান পুলিশ সদস্যরা, ফিরে দেখেন গাড়ি উধাও

চট্টগ্রাম নগরের হালিশহর থানা-পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যানটি প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের কর্ণফুলী থানাধীন ফকিন্নিরহাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।

এর আগে একই দিন দুপুরে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে সড়কের পাশে রাখা পিকআপ ভ্যানটি চুরি হয়। টহল শেষে গাড়িটি সেখানে রেখে হালিশহর থানার তিন পুলিশ সদস্য পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা গাড়িটি আর নির্ধারিত স্থানে দেখতে পাননি।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, এক ব্যক্তি পিকআপ ভ্যানটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। ফুটেজে ওই ব্যক্তিকে নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে যেতে দেখা যায়।

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালানোর একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। দুপুরে তারা জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে গাড়িটি রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। ফিরে এসে গাড়িটি আর পাননি।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে নকল চাবি ব্যবহার করে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।